নিউইয়র্কে বাংলা বইমেলার ওয়েবসাইট উদ্বোধন
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৭:৫৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২০’ এর ওয়েবসাইট সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টায় উদ্বোধন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষ থেকে অনলাইনে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
আগামী ১৮ হতে ২৭ সেপ্টেম্বর ১০ দিনব্যাপী এই মেলা চলবে বলে রবিবার (৬ সেপ্টেম্বর) এক তথ্য বিবরণীতে জানানো হয়। এতে আরও বলা হয়, ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা’র আয়োজক ‘মুক্তধারা ফাউণ্ডেশন’ সূত্রে জানা গেছে, https://www.nyboimela.org ওয়েবসাইটের মাধ্যমে বইমেলার সকল অনুষ্ঠান দেখতে পারবেন বাংলা ভাষাভাষীসহ পৃথিবীর সকল প্রান্তের মানুষ।
অনুষ্ঠানের পাশাপাশি তারা ঘরে বসে পছন্দের বই ক্রয় করতে পারবেন। এ বইমেলার মাধ্যমে বাংলা ভাষার তথা বাংলা প্রকাশনার জগতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন আয়োজকরা।
বইমেলার ফেসবুক পেইজ https://www.facebook.com/newyorkboimela এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। কোভিড-১৯ মহামারির কারণে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ বইমেলায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত লেখক-সাহিত্যিকদের অংশগ্রহণ থাকছে। মেলায় বাংলা একাডেমিসহ বাংলাদেশের ২১টি ও পশ্চিমবঙ্গের ৪টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।

