রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ৪১,৫৮৩ কোটি টাকা: অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ৪১,৫৮৩ কোটি টাকা: অর্থমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৮:০০

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রবিবার (৬ সেপ্টেম্বর) একাদশ সংসদের ৯ম অধিবেশন শুরুর দিন সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গাঁর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য দেন। তিনি বলেন, ‘বর্তমানে (৩০ জুন ২০২০) রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মোট ১ লাখ ৮২ হাজার ৪০৫ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এ সময় অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের মধ্যে সোনালী ব্যাংকের ৮ হাজার ৪৬৭ কোটি টাকা, জনতা ব্যাংকের খেলাপি ১৫ হাজার ৯৭৪ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ৫ হাজার ৩৩৮ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪ হাজার ৯০ কোটি টাকা, বেসিক ব্যাংকের ৫ হাজার ১৫৬ কোটি টাকা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ ৫৫৮ কোটি টাকা।

খেলাপি ঋণ আদায়ে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলো বিকল্প-বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ব্যবহার করছে। এক্ষেত্রে সফল না হলে মামলা দায়ের করা হচ্ছে।

মুস্তফা কামালের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে (২০১৫-২০১৯) সোনালী ব্যাংক ৫ হাজার ৩০৫ কোটি ২৯ লাখ, জনতা ব্যাংক ২ হাজার ৮৬১ কোটি ৬৩ লাখ, অগ্রণী ব্যাংক ২ হাজার ৯৫৫ কোটি ৩৪ লাখ, রূপালী ব্যাংক ১ হাজার ৮৫ কোটি ৩০ লাখ, বেসিক ব্যাংক ৮৮০ কোটি ৮৬ লাখ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১ হাজার ৭১ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading