ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন: আ.লীগের প্রার্থী মনু ও হেলাল
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৭:১০
ঢাকায় হাবিবুর রহমান মোল্লার আসনে কাজী মনিরুল ইসলাম মনু এবং নওগাঁয় ইসরাফিল আলমের আসনে মো. আনোয়ার হোসেন হেলালকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে দলীয় মনোনয়নের এই ঘোষণা দেন।
ওবায়দুল কাদের বলেন, গত ৩০ অগাস্ট আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দুই উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত হয়। ঢাকা-৫ আসনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলাল দলীয় মনোনয়ন পেয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।
দীর্ঘদিন ধরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ফরম সংগ্রহ করেছিলেন ১৯ জন। তাদের মধ্যে মনোনয়ন পাওয়া কাজী মনিরুল ইসলাম মনু রাজধানীর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি।
ষাটের দশকের শেষে তখনকার জগন্নাথ কলেজে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হন মনু। ১৯৭১ সালে সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধে। ’৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে যাত্রাবাড়ি থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হন মনু। ১৯৮১ সাল শেখ হাসিনা দেশে এসে আওয়ামী লীগের হাল ধরলে মনুও দলে ফেরেন।
অপরদিকে, গত ২৮ জুলাই সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনটি শূন্য হয়। এই আসনে ৩৩ জন নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আসনটিতে মনোনয়ন পাওয়া আনোয়ার হোসেন হেলাল রানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। স্থানীয় রাজনীতিতে তিনি প্রয়াত সংসদ সদস্য ইস্রাফিল আলমের বিরোধী পক্ষের নেতা হিসেবে পরিচিত ছিলেন।
চারদলীয় জোট সরকারের সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন হেলাল। পরে আওয়ামী লীগের সমর্থনে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়ী হন।
নির্বাচন কমিশনের ঘোসিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ নির্বাচনে ভোট হবে ইভিএমে। আগ্রহী প্রার্থীরা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২০ সেপ্টেম্বর বাছাইয়ের পর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। তথ্য সহায়তা বিডিনিউজ।

