চীনা কারখানায় ডাকাতি: ৭৫ লাখ টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

চীনা কারখানায় ডাকাতি: ৭৫ লাখ টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৪:৩০

গাজীপুরে চীনা ব্যাটারি কারখানায় ডাকাতির তিন দিন পর চার ডাকাতকে গ্রেপ্তার এবং লুটের দেড় কোটি টাকার মধ্যে ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া এলাকার সাইফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সেলিনা বেগম (৩০), একই জেলার ইব্রাহিম খলিল (২৫) ও চাঁদপুরের মতলব থানার লতরদী এলাকার এমদাদুল্লাহ (২০)। তাদের মধ্যে এমদাদ হলো কারখানার নিরাপত্তকর্মী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া জানান, ৬ সেপ্টেম্বর রাতে কাশিমপুর থানার সারাবো এলাকায় চীনা মালিকানাধীন চং থিয়েন রি-জেনোরেশন রিফোর্স কোম্পানি লিমিটেড নামে একটি ব্যাটারি তৈরির কারখনায় ডাকাতি হয়। ৬-৭ সদস্যের একদল ডাকাত কারখানার মালিক মি অং-কে রড দিয়ে মাথায় আঘাত করে তার কক্ষে থাকা প্রায় দেড় কোটি টাকা এবং তার একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ব্যাপারে কারখানার পক্ষ থেকে পর দিন কাশিমপুর থানায় মামলা হলে মহানগর পুলিশের একাধিক টিম কুমিল্লা, জামালপুর ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ সেপ্টেম্বর এমদাদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে জামালপুরে অভিযান চালিয়ে সেলিনা বেগমকে আটক এবং তার কাছ থেকে লুটের ৪৫ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। সেই সাথে তার দেয়া তথ্যমতে পরে সাইফুল ও খলিলকে আটক এবং তাদের কাছ থেকে আরও ২৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

সেলিনা বুধবার গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার ও লুন্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে বলে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জানান।

তিনি আরও জানান, ডাকাতরা কারখানার ভেতর প্রবেশ করে সব সিসি ক্যামেরা নষ্ট করে ফেলেছিল। এছাড়া, পুলিশ যেন তাদের অনুসরণ করতে না পারে তার জন্য নিজেদের মোবাইল ফোনগুলোও রাস্তায় ভেঙে ফেলে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading