সিনহা হত্যা: এসপি মাসুদকে আসামি করার আবেদন খারিজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৯:১৫
মেজর (অব.) সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আবেদনটি খারিজ করা হয়।
এর আগে দুপুর ১২টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে আবেদনটি দায়ের করেন মামলার বাদী ও নিহত মেজরের বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। শুনানি শেষে বিচারক আবেদনটি খারিজ করে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, এ মামলার নির্ধারিত দিন ছিল না বৃহস্পতিবার। এরপরও একটি আবেদন করলে আদালতে তার শুনানি হয়েছে। বাদীর গৃহীত পদক্ষেপ তদন্তাধীন মামলার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় আদালত বাদীর আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ নিয়ে আদালত বলেছেন, তদন্তাধীন মামলার বিষয়ে কেউ প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তদন্তকারী কর্মকর্তার হাতে রয়েছে।
এদিকে দুপুরে আবেদনটি জমা দিয়ে বাদীপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছিলেন, ‘কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন মেজর সিনহা হত্যা মামলার তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি করেই চলেছেন। তিনি সিনহা হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকতকে কারাগারে ডিভিশন দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। আসামিদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। অর্থাৎ এসপি এবিএম মাসুদ হোসেন তার দাফতরিক কার্যক্ষমতা আসামিদের পক্ষে কাজে লাগাচ্ছেন। তাই তাকে মেজর সিনহা হত্যা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য একটি ফৌজদারি আবেদন করেছি।

