ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৪:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নুরসহ একাধিক জনকে আসামি করা হয়েছে। পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার কেএম রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল ধর্ষণকারী হিসেবে অভিযোগ আনা হয়েছে হাসান আল মামুনের বিরুদ্ধে। আর ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ওই ছাত্রী ধর্ষিত হয়েছেন বলে দাবি করেছেন। সহকারী পুলিশ কমিশনার কেএম রায় বলেন, ‘রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

