মেয়ের জন্য হাসপাতাল থেকে শিশু চুরি করলেন মা

মেয়ের জন্য হাসপাতাল থেকে শিশু চুরি করলেন মা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ০৯:৩৬

ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ। পরে চুরি যাওয়া শিশুটিকে সদরপুর উপজেলার ঠেঙ্গামারী থেকে উদ্ধার করে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জন্মদাতা মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

এ ঘটনায় ফরিদপুরের সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের ইসমাইল মোল্লার স্ত্রী নাজমা বেগম (৫০) ও তার মেয়ে লাবনী বেগমকে (২২) আটক করা হয়েছে।

জানা গেছে, হাসপাতালে গত ১৮ সেপ্টেম্বর মাদারীপুর জেলার সদর উপজেলার সৈয়দ নূর শিরখাড়া গ্রামের রুবেল মুন্সীর সন্তান সম্ভাবা স্ত্রী আকলিমা বেগম (২২) ফরিদপুর মেডিকেল কলেজ ভর্তি হন। গত রবিবার অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান জন্ম হয়। পরে আকলিমা ও তার নবজাতক শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে রাখা হয়। একই দিন অস্ত্রোপচার মাধ্যমে আরেক প্রসূতি আন্না বেগমও (২৪) এক সন্তানের জন্ম দেন। জন্মের পর অসুস্থ হয়ে পড়লে ওই শিশুটিকে ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে নেয়া হলে সেখানে শিশুটি মারা যায়। প্রসূতি আন্না বেগমের মা নাজমা বেগম নিজের মেয়ের কোল ভরিয়ে দিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আকলিমার সদ্যজাত শিশুটি চুরি করে প্রথমে ফরিদপুর সদরের নিখুর্দী গ্রামে আরেক মেয়ে লাবনী বেগমের বাড়িতে রাখেন এবং পরে তাকে সদরপুরে ঠেঙ্গামারীতে নিয়ে যান।

ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নিখুর্দী ও পরে ঠেঙ্গামারী গ্রামে অভিযান চালিয়ে সোমবার বেলা ১১টার দিকে নাজমা বেগমের বাড়ি থেকে আকলিমার চুরি যাওয়া শিশুকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘নিজের মেয়ের কোল ভরিয়ে দেয়ার জন্য আকলিমার শিশুকে চুরি করেছিলেন নাজমা বেগম। পরে আকলিমার সন্তানকে তার স্বামী রুবেল মুন্সীর হাতে তুলে দেয়া হয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading