রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে ইন্ডিয়ান শ্রমিকের মৃতদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১০:২০
বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে ইন্ডিয়ান এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎকেন্দ্রের এক বাঁশের সাঁকো থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রভাত কুমার সিং (৩৬) ভারতের পাঞ্জাব প্রদেশের বিহার জেলার গরুদাসপুর থানার বহমনি গ্রামের কুমার সিংহের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের এক বাঁশের সাঁকো থেকে ঝুলন্ত অবস্থায় ভারতীয় ওই নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়। মাথার পাগড়ি গলায় পেচিয়ে সাঁকোতে ঝুলে সে আত্মহত্যা করে। ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে বলেও (সোমবার) জানান তিনি।
‘এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।’
ওসি মো. মঞ্জুরুল আলম জানান, রবিবার গভীর রাতে প্রভাতের পরিবার তাকে কল করে। কল পেয়ে মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে সে ব্যারাক থেকে বের হয়। এর পরে সে আর ব্যারাকে ফিরে আসেনি। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রভাত আগস্ট মাসে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে কাজে আসে।

