ধর্ষণ মামলায় নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:৫০
ধর্ষণ মামলায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নুরের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় পুলিশ তদন্ত করছে। আমাদের সব নলেজে রয়েছে। যেভাবে এড্রেস করা দরকার সেভাবেই পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ধর্ষণের অভিযোগ এনে নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে গত সোমবার রাজধানীর লালবাগ থানায় মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
পরবর্তীতে মামলার অভিযোগকে মিথ্যা দাবি করে ওইদিন (সোমবার) সমর্থকদের নিয়ে সন্ধ্যায় মিছিল বের করে নুর। মিছিলটি মৎস্য ভবন এলাকায় গেলে সেখান থেকে সাত সমর্থকের সাথে রাত সাড়ে ৮টার দিকে নুরকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই তাদের ছেড়ে দেয়া হয়। -ইউএনবি

