আমরা নেটওয়ার্কের ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১১:৪০
১০০ কোটি টাকার ফুল্লি রিডেম্বল নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেড।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪১ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।
বিএসইসির তথ্যমতে, এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউরড, আনলিস্টেড এবং জিরো কূপন বন্ড। যার ডিসকাউন্ট রেট ৮.৬৮%-৯.৭৩%।
জিরো কুপন বন্ডটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আমরা নেটওয়ার্ক কোম্পানি একটি নতুন প্রকল্প বাস্তবায়ন, ঋণ পরিশোধ এবং কার্যকারী মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

