দি মারিয়ার শাস্তি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৫:৩২
লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণ করায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজি মিডফিল্ডার আনহেল দি মারিয়া। আর্জেন্টাইন এই ফুটবলারের শাস্তির বিষয়টি গতকাল বুধবার এক বিবৃতিতে জানায় লিগ ওয়ান কর্তৃপক্ষ।
গত ১৩ সেপ্টেম্বর ঘরের মাঠে পিএসজির ১-০ গোলে হারা সেই ম্যাচের যোগ করা সময়ে একটি ফাউলকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় লাল কার্ড পেয়েছিলেন দুই দলের মোট পাঁচজন- স্বাগতিকদের নেইমার, লেয়ান্দ্রো দানিয়েল পারেদেস ও লেইভিন কুরজাওয়া এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তো। পরে এদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার শাস্তিও দেওয়া হয়।
সেদিন ডি মারিয়ার কাণ্ড রেফারি ও ভিএরআরের চোখ এড়িয়ে যাওয়ায় শাস্তি পাননি তিনি। তবে মার্সেই কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস দাবি করেন, তার খেলোয়াড়ের দিকে থুথু ছুড়েছিলেন দি মারিয়া। তার দাবির প্রেক্ষিতে তদন্ত শুরু করে লিগ কর্তৃপক্ষ।
দি মারিয়ার শাস্তির কারণ অবশ্য জানানো হয়নি। তার নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী মঙ্গলবার থেকে। তার মানে, আগামী রোববার স্তাদ দে রাসের বিপক্ষে খেলতে বাধা নেই ৩২ বছর বয়সী এই ফুটবলারের। খেলতে পারবেন না অজি, নিম, দিজো ও নতের বিপক্ষে ম্যাচে।
এদিকে মার্সেই ডিফেন্ডার আলভারো গনসালেসের বিরুদ্ধে নেইমার বর্ণবাদী আচরণের যে অভিযোগ এনেছিলেন, তার তদন্ত চলছে। আগামী বুধবার এলএফপি-র ডিসিপ্লিনারি কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই ম্যাচে গনসালেসের মাথায় আঘাত করার অপরাধে দুই ম্যাচ নিষিদ্ধ হন নেইমার।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গনসালেসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেন গনসালেস।

