জয়পুরহাটে যুবকের ভাসমান লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:২০
নিখোঁজের দুই দিন পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাটের ক্ষেতলালের হোপেরহাট সংলগ্ন একটি সেতুর নিচ থেকে পানিতে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাসান (২৩) সদর উপজেলার কাদোয়া-ঢোলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বুধবার বিকালে হাসান তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দুই দিন ধরে আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন সেতুর নিচে পানিতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

