কনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের মনোনয়ন দিলেন ট্রাম্প

কনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের মনোনয়ন দিলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:৩০

প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি পদে ফেডারেল আপিল কোর্টের রক্ষণশীল বিচারক এমি কনি ব্যারেটকে মনোনয়ন দিয়েছেন ।

ব্যারেটের নিয়োগ মার্কিন সিনেটের ভোটে নিশ্চিত হলে তিনিই সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন। গত শনিবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ব্যারেটের প্রতি সমর্থন জানিয়ে তাকে ‘অতুলনীয় কৃতিত্বের অধিকারী নারী’ বলে বর্ণনা করেন ট্রাম্প।

বিবিসি বলছে, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই মনোনয়ন নিশ্চিত করা নিয়ে সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তিক্ত লড়াই শুরু হতে পারে।

নিজের মনোনীত হিসেবে বিচারক ব্যারেটের নাম ঘোষণা করে ট্রাম্প তাকে ‘সংবিধানের প্রতি দৃঢ়ভাবে অনুগত বড় মাপের বিদ্বান ও বিচারক’ বলে অভিহিত করেন। ট্রাম্প ৩ নভেম্বরের নির্বাচনের আগেই নতুন বিচারপতির নিয়োগ নিশ্চিত করতে সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।

অপরদিকে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ‘যুক্তরাষ্ট্রের জনগণ পরবর্তী প্রেসিডেন্ট ও কংগ্রেসকে নির্বাচিত না করা পর্যন্ত এই শূন্য পদ (সুপ্রিম কোর্টের) নিয়ে পদক্ষেপ’ না নেওয়ার জন্য সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।

৪৮ বছর বয়সী এমি কনি ব্যারেট ধর্মীয় রক্ষণশীলদের পছন্দনীয় ব্যক্তিত্ব। ২০১৭ সালে ট্রাম্প শিকাগো-ভিত্তিক সপ্তম ইউএস সার্কিট আপিল কোর্টে ব্যারেটকে নিয়োগ করেছিলেন। তার নিয়োগ নিশ্চিত হলে ব্যারেট হবেন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগকৃত তৃতীয় বিচারপতি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান বেড়ে দাঁড়াবে ৬-৩ এ। এমন হলে আগামী কয়েক দশকের জন্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের অনুকূলে থাকার সুবিধা পেয়ে যাবে রিপাবলিকানরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading