আমদানি করা পেঁয়াজের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে

আমদানি করা পেঁয়াজের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৮:১২

১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর বিকল্প বাজার পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানি করা ১৭০ মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এসব পেঁয়াজ খালাসের জন্য এর মধ্যে ছাড়পত্রও ইস্যু করা হয়েছে বলে উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের (চট্টগ্রাম সমুদ্রবন্দর) উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল জানিয়েছেন।

কৃষিজাত পণ্য আমদানিতে উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র থেকে অনুমতিপত্র নিতে হয়। পরে বন্দরে খালাসের জন্য ছাড়পত্র নিতে হয়। আসাদুজ্জামান বুলবুল বলেন, দুই দিনে মোট ১৭০ টন পেঁয়াজের জন্য ছাড়পত্র ইস্যু করা হয়েছে।

“এর মধ্যে মিয়ানমার থেকে চট্টগ্রামের কায়েল এন্টারপ্রাইজের আমদানি করা ৫৪ টন পেঁয়াজ খালাসে সোমবার ছাড়পত্র দেওয়া হয়েছে। আর গ্রিন ট্রেড পাকিস্তান থেকে আনা ১১৬ টন পেঁয়াজের ছাড়পত্র পেয়েছে।“ উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের এই কর্মকর্তা জানান, খালাসের জন্য ছাড়পত্র পাওয়া পেঁয়াজ দ্রুতই বাজারে প্রবেশ করবে।

কায়েল এন্টারপ্রাইজের ৫৪ টন পেঁয়াজ সোমবারই বন্দর থেকে ছাড় করানো হয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট এস হোসাইন অ্যান্ড কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ বাবু জানান। এদিকে ভারত রপ্তানি বন্ধ ঘোষণার আগে ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর দিয়ে বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র দেওয়া শুরু হয়।

মঙ্গলবার পর্যন্ত গত ২৬ দিনে ৭৫টির মতো প্রতিষ্ঠান ১২টি দেশ থেকে এক লাখ ৪৭ হাজার ৫৪৫টন পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র নিয়েছে বলে জানান আসাদুজ্জামান বুলবুল। এসব দেশ হল- চীন, মায়ানমার, পাকিস্তান, তুরস্ক, মিশর, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ভারত, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading