সিনহা হত্যা : কনস্টেবল রুবেল ৭ দিনের রিমান্ডে
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৯:১২
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার পুলিশের কনস্টেবল রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এর আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে র্যাব। বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে রুবেল শর্মাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের প্রিজনভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হয় কক্সবাজার কারাগারে।
গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে র্যাব। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পূর্বে গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে।
এ কারণে গত ১৪ সেপ্টেম্বর র্যাবের একটি দল রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে নিয়ে যায। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ অগাস্ট এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি র্যাবকে তদন্তভার দেওয়া হয়।
৬ অগাস্ট আদালতে আত্মসমর্পণ করেন এ মামলার আসামি পুলিশের সাত সদস্য। গত এক মাসে র্যাব এপিবিএন’র তিন সদস্য, পুলিশের মামলার তিন সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। ১২ জন আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

