অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার রায় ৪ অক্টোবর
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৪৩
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডে দুই গৃহকর্মীর বিরুদ্ধে মামলায় রায় হবে আগামী ৪ অক্টোবর। ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান যুক্তিতর্ক শুনানি শেষে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রায়ের এ দিন ঠিক করেন বলে জানিয়েছেন ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঞা।
কারাগারে থাকা দুই আসামি গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা ও রুমা ওরফে রেশমাকে শুনানির সময় আদালতে হাজির করা হয়। তারা দুজনই আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেছিলেন। অন্যদিকে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ করতে পেরেছেন বলে দাবি করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয় বলে আবু আবদুল্লাহ ভূঞা জানান। ০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানী এলিফেন্ট রোডে নিজ বাসায় খুন হন মাহফুজা। এ ঘটনায় তার স্বামী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা নিউ মার্কেট থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই আলমগীর গত বছরের ২১ জুলাই দুই গৃহকর্মীর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। অন্য আসামি দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার তার অব্যাহতি দেয় আদালত।
বাসায় থাকা ২০ ভরি সোনা, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করতে আসামিরা মাহফুজাকে নাকে-মুখে ওড়না পেঁচিয়ে বালিশচাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগপত্রে বলা হয়। মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। গামা ১৯৭৩ সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের হয়ে জিএস প্রার্থী ছিলেন।

