দুই সন্তানের গলায় ছুরি চালিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা!

দুই সন্তানের গলায় ছুরি চালিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা!

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৩৭

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় নিজের ছেলে ও মেয়েকে গলা কেটে খুন করার চেষ্টার পর বাবা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার মেয়েকে মৃত ঘোষণা করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা। ছেলে ও বাবা চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জারিন হাসান রোজা (৬)। তার ভাই রিজন (১৩)। সে নবম শ্রেণির শিক্ষার্থী। বাবা মো. জাবেদ হাসান (৪৮) পেশায় ব্যবসায়ী। হাজারীবাগ বোরহানপুর বটতলা ১০ নম্বর গলিতে বাসার নিচে দোকান রয়েছে। মোবাইলের দোকান ও কসমেটিকসের দুটি দোকান রয়েছে তার।

ঘটনার পর শিশুদের চাচা মেহেদী হাসান, চাচি ও মামাসহ অনেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। শিশুর চাচা মেহেদী হাসান জানান, শিশুটির বাবাই তার সন্তানদের হত্যার চেষ্টা চালিয়েছে।

নিহত শিশুর মা রিমা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বসে জানান, ঘটনার সময় তিনি নিচে ছিলেন। ঘটনাটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটে। চিৎকার শুনে পরে ঘটনাস্থলে যান। তবে কী কারণে এ ঘটনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
স্বজনদের আহাজারি

উদ্ধারকারীদের একজন জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। স্ত্রী বাসা থেকে বের হয়ে যান। পরে স্বামী এ ঘটনাটি ঘটিয়েছে বলে তার ধারণা। স্ত্রী রিমার গলার বাম পাশেও আঘাতের চিহ্ন দেখা গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহত শিশু রোজার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) রেজওয়ান আহমেদ বলেন, এই হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading