‘হাতিরঝিল-উত্তরা ওয়াটার ট্রান্সপোর্ট চালুর প্রকল্প নেয়া হয়েছে’
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৪০
হাতিরঝিল থেকে উত্তরা পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালুর একটি প্রকল্প নেয়া হয়েছে বলে বুধবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, ‘হাতিরঝিল থেকে উত্তরা পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালু এবং দুই পাশে সাধারণ মানুষের চলাচল করার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প নেয়া হয়েছে।’
রাজধানীর গুলশান-২ এ বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে মন্ত্রণালয় আয়োজিত সকল সিটি করপোরেশনের জন্য ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন এলজিআরডি মন্ত্রী।
ঢাকাসহ দেশের সকল নগরীকে নোংরা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন বলে যে অপবাদ দেয়া হয় তা খুব শিগগিরই দূর করা হবে জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর ঢাকাকে মশা মুক্ত রাখতে সক্ষম হয়েছি।’
ঢাকা দুই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সকল প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনগুলোকে সরবরাহ করা ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাকগুলো শহরের অলি-গলিতে প্রবেশ করতে পারবে।

