কুমিল্লায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, সাতসকালে প্রাণ গেল দুইজনের
উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৩০
কুমিল্লায় স্টার লাইন পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রী মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যান। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

