সৌদি যেতে বিমানের পুরনো টিকেট রি-ইস্যুতে ‘কোনো চার্জ নেই’
উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:২৪
সৌদি আরবগামী যাত্রীদের বিমানের টিকেট নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পুরাতন টিকিটধারী এসব যাত্রীদের কোনো চার্জ ছাড়াই টিকেট রি-ইস্যু করে আসন বরাদ্দ করা হচ্ছে বলে বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট নিজস্ব টিকেট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনো সুযোগ নেই। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু এজেন্সি বা ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকেট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দেবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা ও প্রতারণামূলক প্রচার পরিচালনা করছে।
“এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবগামী যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হল।”

