ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর যান দুটি খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলায় ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, নিহত সবাই পুরুষ। তাদের আনুমানিক বয়স ৬০, ২৭ ও ২৬ বছর। তাদের মরদেহ হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

ওসি মাহবুবুর জানান, মাধবপুর বাস স্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেল বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ডের দিকে আসছিল। পথে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেলটি ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকা থেকে আসা হবিগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে বাস ও মোটরসাইকেল মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে বাসের দুই যাত্রী এবং মোটরসাইকেলের এক আরোহী মারা যান।

আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটিকে উদ্ধারে কাজ করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading