সুবর্ণচরে নারীর ৪ টুকরো মরদেহ, ছেলে আটক

সুবর্ণচরে নারীর ৪ টুকরো মরদেহ, ছেলে আটক

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৫০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগম (৫৭) নামে এক নারীকে ৪ টুকরো করে কেটে হত্যার ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবিরকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (০৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চরজব্বার থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক হুমায়ূন কবির উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন গণমাধ্যমকে জানান, ঘটনার প্রেক্ষিতে সন্দেহজনক হওয়ায় নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানখেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নুর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়ের জননী।

ওই নারীকে কেটে ৪ টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক ও পায়ের অংশ এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এ নিয়ে চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে, মাথা আর কোমরের অংশ।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading