ঠাকুরগাঁওয়ে গাছে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:০৭
ঠাকুরগাঁও সদরের রুহিয়ার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া এলাকায় গাছে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রুহিয়া থানার উত্তর বঠিনা নতুনপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মো. সিদ্দিক (৩৪) ও একই এলাকার কাবেদ আলীর ছেলে সুমন আলী (৩২)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।
১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা বাসেদ জানান, রানীগঞ্জ টু পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় একটি মোটরসাইকেল মোড় ঘোরাতে গিয়ে গাছে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. সিদ্দিক নিহত হন।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মো. সুমন আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

