ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৪৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে করোনা পজিটিভ ফল পাওয়ার পর তাকে চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি স্বাভাবিক রয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেনের ব্যক্তিগত সহকারী নুর খান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। রাত ১০টার দিকে পরীক্ষার রিপোর্ট আসে, তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ।
বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এবং দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ প্রেসিডিয়াম সদস্য।
তার নির্বাচনী আসন চট্টগ্রাম-১ (মীরসরাই)। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পরিবহন এবং গৃহায়ন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িক্ত পালন করেন। তিনি ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

