চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আপন খালু গ্রেপ্তার
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৪৮
চাঁদপুরের ফরিদগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রী আপন খালু কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কামরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত কামরুল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের আলী আহম্মদ মোল্লার ছেলে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, উপজেলার রুস্তুমপুর গ্রামের ওই ছাত্রীকে কামরুল ইসলাম ধর্ষণের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গত দুই বছর ধরে এ অপকর্ম করে আসছিলেন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর তিনি ওই ছাত্রীকে অপহরণ করে রায়পুর উপজেলার নতুন বাজার এলাকার একটি বাসায় আটকে রেখে টানা ১৩ দিন ধর্ষণ করেন।
মেয়েটির পরিবার অনেক খোঁজাখুঁজির পর গত বুধবার রাতে তাকে ওই বাসা থেকে উদ্ধার এবং কামরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে রাতেই মামলা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বলেন, ‘রাতেই মামলা গ্রহণ করে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। এছাড়া, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

