স্থানীয় সরকার পরিষদের ৮৩ প্রতিষ্ঠানে শনিবার ভোট
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:৩০
স্থানীয় সরকার পরিষদের ৮৩টি প্রতিষ্ঠানে শনিবার (১০ অক্টোবর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে চাঁদপুরসহ ৭টি পৌরসভা, ৭৩টি ইউনিয়ন পরিষদ, ফরিদপুর জেলার চরভদ্রাসন ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও ঢাকা দক্ষিণ সিটির ৪৪ নম্বর ওয়ার্ড। এরমধ্যে চাঁদপুর পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে উপনির্বাচন হতে যাচ্ছে। চাঁদপুরসহ বেশ কয়েকটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে। করোনাভাইরাস প্রকটের কারণে দীর্ঘদিন ধরে এসব নির্বাচন আটকে ছিল।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ‘নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
ইসি জানিয়েছে, স্থানীয় সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানে গত ২৯ মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল। করোনাভাইরাসের কারণে ওই সময় নির্বাচন স্থগিত করা হয়। চলতি মাসে এসব নির্বাচনের ভোটগ্রহণ করতে যাচ্ছে ইসি। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রচার ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য।

