সাতসকালে রেলক্রসিংয়ে প্রাণ গেল ৩ বাসযাত্রীর
উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৩৭
ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের ফতেহ রেলক্রসিং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর শ্যামলী পরিবহনের একটি বাস রেলক্রসিংয়ে উঠে গেলে সজোরে ধাক্কা দেয় চট্টগ্রাম মেইল।
এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা সবাই বাসের যাত্রী।
এ নিয়ে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে এ পর্যন্ত ১২-১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। উদ্ধার অভিযান শেষে বাসটিকে সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন ও বাস যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

