ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করুন, জাঙ্ক শেয়ার কেনা-বেচা থেকে বিরত থাকুন: বিএমবিএ প্রেসিডেন্ট
উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:১০
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বলেছেন, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের আলাদা করলে মার্কেটে রং মেসেজ (নেতিবাচক বার্তা) যায়। এতে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। তিনি বলেন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের আলাদা করে দেখবেন না। সবাই নিজস্ব চিন্তায় বিনিয়োগ করবে।
শনিবার (১০ অক্টোবর) ‘টেকনলোজি টু প্রটেক্ট অ্যান্ড অ্যাসিস্ট ইনভেন্টর ইন দ্যা ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভার্চুয়াল এই সভাটি আয়োজন করে, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
এসময় এক প্রশ্নের জবাবে ছায়েদুর রহমান বলেন, ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করুন। জাঙ্ক শেয়ার কেনা-বেচা থেকে বিরত থাকুন। জাঙ্ক শেয়ারের সাথে ফান্ডামেন্টাল শেয়ার তুলনা করবেন না। জাঙ্ক শেয়ার দ্রুত বাড়ে আবার দ্রুত পড়ে। ফলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। ফান্ডামেন্টাল শেয়ার বাড়ে স্লো আবার কমেও স্লো।
সভাপতির বক্তব্যে ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রযুক্তির (টেকনলোজি) গুরুত্ব অপরিসীম। এই প্রযুক্তির মাধ্যমে এখন একজন বিনিয়োগকারী ঘরে বসেই বিনিয়োগের জন্য সব তথ্য সংগ্রহ করতে পারে।
বিনিয়োগ শিক্ষায় প্রযুক্তির গুরুত্ব অনেক জানিয়ে বিএমবিএ সভাপতি বলেন, বাংলাদেশ প্রযুক্তিতে অনেক এগিয়েছে। তবে এখনো অনেক ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণেই করোনা মহামরির মধ্যে দেশের পুঁজিবাজার ৬৬ দিন বন্ধ রাখতে হয়েছিল।
তিনি বলেন, বিনিয়োগ শিক্ষা একজন বিনিয়োগকারীকে কোথায় ও কখন বিনিয়োগ করতে হবে, তা শেখায়। একইসঙ্গে বিনিয়োগকারী তার ঝুঁকি মোকাবিলা করতে শেখেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন আকন্দ ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন।

