‘প্রযুক্তিনির্ভর পুঁজিবাজার হলে বিদেশিরাও আসবে’
উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৩০
প্রযুক্তিনির্ভর পুঁজিবাজার গড়তে পারলে দেশের গণ্ডি পেরিয়ে বাজারকে বিদেশে নিয়ে যাওয়া যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দীন আহমেদ।
শনিবার (১০ অক্টোবর) ‘টেকনলোজি টু প্রটেক্ট অ্যান্ড অ্যাসিস্ট ইনভেন্টর ইন দ্য ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ভার্চুয়াল এই সভার আয়োজন করে।
বিএসইসির এই কমিশনার বলেন, পুঁজিবাজারকে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বুকে ছড়িয়ে দিতে চাই। একই সাথে দেশের গ্রামগঞ্জে আমাদের পুঁজিবাজার নিয়ে যাবো।
এসময় তিনি আরও বলেন, বিদেশিরা আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগে গভীরভাবে আগ্রহী। কারণ তারা তাদের দেশে ১ শতাংশও রিটার্ন পায় না। তাদের সুযোগ করে দিতে পারলে বিনিয়োগ আসবে। এ নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করেছি।
অধ্যাপক শেখ সামসুদ্দীন আহমেদ বলেন, করোনা হওয়ার পরে বিএসইসি প্রযুক্তিনির্ভর অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। যেগুলো প্রমাণ করে ডিজিটালাইজড স্টক এক্সচেঞ্জ খুব উপকারী। যেমন বিভিন্ন রিপোর্টস অনলাইনে জমা করার ব্যবস্থা করেছি। এছাড়া এজিএম, ইজিএম অনলাইনে করার অনুমতি দিয়েছি। এতে করে ব্যয় ও সময় লাঘব হবে।

