২.১৫ কোটি টাকা আত্মসাতের দায়ে সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তা আটক
উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৩০
২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা জেলার ট্রাস্ট ব্যাংক মুন্সিগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নগরীর নূরনগরের বাসা থেকে রবিবার (১১ অক্টোবর) বিকালে তাকে আটক করা হয়।
দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, ক্ষমতার অপব্যবহার করে মোস্তফা মাহমুদ গ্রাহকদের ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় ২০১৯ সালের ৭ মে মামলা দায়ের হয়।
মামলার আরেক আসামি মুন্সিগঞ্জ শাখা ব্যবস্থাপক পলাতক রয়েছেন। -ইউএনবি

