নারায়ণগঞ্জে ২ বোনকে ধর্ষণ, দরজা ভেঙে ধর্ষককে গ্রেফতার
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:২৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর (৫২) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে বাড়ির একটি ফ্লাটের বাহিরে তালা দিয়ে ভেতরে আত্মগোপনে ছিল। আবু বক্কর ওই আবাসিক ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করত। স্থানীয় লোকজনের সহযোগিতায় দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে আটক করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর গণমাধ্যমকে জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাকের একটি কারখানায় দুই বোন চাকরি করে। একজনের বয়স ১৩ বছর আরেক বোনের বয়স ১১ বছর। তারা দুই বোন গত ৫ অক্টোবর কাজে যায়নি। যার কারণে তাদের বাবা তাদেরকে বকাঝকা করে। সেই কারণে বাড়ির বাহিরে ঘোরাঘুরি করছিল। রাত হলেও তারা বাড়িতে না যাওয়ার কারণে সেই সুযোগে তাদের বাড়ির পাশে একটি ভবনের কেয়ারটেকার আবু বক্কর দুই বোনের কথা শুনে রাতে তার কাছে নিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে নাতনী বলে রাতে তার সাথে ঘুমিয়ে থাকতে বলে। পরে ওই বাড়ির নিচ তলার একটি ঘরে নিয়ে কৌশলে দুই বোনকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে সোমবার এলাকাবাসী থানায় ফোন করে আমাদের অবহিত করে। এদিকে ভবনের ৬ষ্ঠ তলায় আত্মগোপনে ছিল আবুবক্কর। পরে পুলিশ সদস্যসহ এলাকাবাসী সহযোগিতায় ওই ভবনের ৬ তলার একটি ফ্লাটে অভিযান চালানো হয়। বাহির হতে তালা আটকে ভেতরে আত্মগোপনে ছিল সে। পরে দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় এলাকাবাসীর সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আবু বক্করকে আটক করা হয়।

