করোনাভাইরাসে সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু

করোনাভাইরাসে সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু

উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:২৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, যা গত ১৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন। রোজার ঈদের পর গত ২৮ মে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর গত ৯ অক্টোবর ১৭ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। আর সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬৮৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৭৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে পাঁচ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৩ কোটি ৮১ লাখ পেরিয়ে গেছে; মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৮৬ হাজারের ঘরে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ষষ্ঠদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৪ হাজার ৪১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ১২ হাজার ৪৪৮ টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৩ জন। তাদের ১৫ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন।

মৃতদের মধ্যে ৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২ জনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ও ৫ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের ১০ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের এবং ৩ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৫৯৩ জনের মধ্যে ৪ হাজার ৩০৫ জনই পুরুষ এবং ১ হাজার ২৮৮ জন নারী।

তাদের মধ্যে ২ হাজার ৮৮১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৪৯৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭০৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩১৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১২৬ জনের ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২৭ জনের বয়স ছিল ১০ বছরের কম।

এর মধ্যে ২ হাজার ৮৫৪ জন ঢাকা বিভাগের, ১ হাজার ১২৪ জন চট্টগ্রাম বিভাগের, ৩৬০ জন রাজশাহী বিভাগের, ৪৫২ জন খুলনা বিভাগের, ১৯৩ জন বরিশাল বিভাগের, ২৩৮ জন সিলেট বিভাগের, ২৫৪ জন রংপুর বিভাগের এবং ১১৮ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading