মর্যাদা ফেরাতে মেহবুবা-ফারুক আবদুল্লাহ একজোট

মর্যাদা ফেরাতে মেহবুবা-ফারুক আবদুল্লাহ একজোট

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:০৫

ইন্ডিয়ার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করার আগে জম্ম ও কাশ্মীরের যে বিশেষ মর্যাদা ছিল তা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে নতুন একটি জোট গঠন করেছে।

কাশ্মীরে ক্রিয়াশীল প্রভাবশালী প্রায় সব দলই এ জোটে আছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ফারুক আবদুল্লাহ জানান, নতুন এ জোটের নাম ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’। বিশেষ মর্যাদা ফেরাতে জোট নেতারা দ্রুতই বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন কাশ্মীরের সাবেক এ মুখ্যমন্ত্রী।

তার সঙ্গে জোটে সদ্য কারামুক্ত মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টিও (পিডিপি) আছে। আছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম), আওয়ামী ন্যাশনাল কনফারেন্স, পিপলস কনফারেন্স ও পিপলস মুভমেন্টের মতো দলগুলোও।

বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহর বাসায় দলগুলোর এক বৈঠক অনুষ্ঠিতও হয়। বৈঠকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, সিপিআইএমের মোহাম্মদ ইউসুফ তারিগামি, পিপলস মুভমেন্টের জাভেদ মীর, ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহসহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতারা ‘গুপকার ঘোষণা’ নিয়ে আলোচনা করেন।

“আমাদের লড়াই সাংবিধানিক লড়াই। আমরা চাই, ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে ২০১৯ সালের ৫ অগাস্টের আগেকার অধিকারগুলো যেন ফিরিয়ে দেয়,” ব্রিফিংয়ে ফারুক আবদুল্লাহ এমনটাই বলেছেন বলে জানিয়েছে এএনআই। এর আগে বুধবার ফারুক ও ওমর আবদুল্লাহ সদ্য কারামুক্ত পিডিপি নেতা মেহবুবা মুফতি বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন।

গত বছর ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর অগাস্টে মেহবুবাকে গ্রেপ্তার করা হয়েছিল, ওই সময় কাশ্মীরের অসংখ্য রাজনীতিককে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে মুক্তি পাওয়া শেষ গুরুত্বপূর্ণ নেতা মুফতি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading