২৫ টাকা কেজি আলু বিক্রি করবে টিসিবি

২৫ টাকা কেজি আলু বিক্রি করবে টিসিবি

উত্তরদক্ষিণ | রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:৪০

সরকার নির্ধারিত মূল্যে বাজারে আলু বিক্রয় নিশ্চিত করার পাশাপাশি ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে আলু সরবরাহের উদ্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেলের মাধ্যমেও আলু বিক্রি শুরু করবে। ক্রেতাদের চাহিদা পূরণে প্রতি কেজি আলু ২৫ টাকা মূল্যে বিক্রয় করবে টিসিবি।

রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, আলুর পাইকারি বিক্রেতা, কৃষি বিপণন অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য সচিব জাফর উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, টিসিবি’র চেয়ারম্যান ব্রি. জে. মো. আরিফুল হাসান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তাক হোসেন, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই-এর প্রতিনিধি, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং পাইকারি আলু ব্যবসায়ীদের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে। দেশে প্রয়োজনীয় আলু মজুত রয়েছে। আলু সংকটের কোনও সম্ভাবনা নেই। কোনও অবস্থাতেই অধিক লাভ করার সুযোগ দেওয়া হবে না। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে আলুর কোনও ঘাটতি নেই। প্রচুর আলু আবাদ হয়েছে। বন্যা ও বৃষ্টির কারণে সবজির আবাদ কিছুটা ক্ষতি হবার কারণে আলুর চাহিদা বেড়েছে। তবে সরকার নির্ধারিত মূল্যের বেশি আলুর দাম হবার কোনও কারণ নেই।

উল্লেখ্য, সরকারের কৃষি সম্প্রসারণ অধিদফতর ইতোমধ্যে কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি আলুর মূল্য ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading