একেই বলে ‘ঠেলার নাম বাবাজি!’
উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৩৭
ছিল বাল্যবিয়ের আয়োজন। কিন্তু ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছাতেই দণ্ড-জরিমানার ভয়ে তা হয়ে গেল ‘দাদার কুলখানি’!
রবিবার (১৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে এমন ঘটনা ঘটে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান কনের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন।
জানা যায়, বাল্যবিয়ের খবরে কনের বাড়িতে যান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান। এসময় কনের পরিবারের লোকজন জানান, বাল্যবিয়ে নয়, তার দাদার কুলখানির আয়োজন করা হয়েছে। পরে অবশ্য বাল্য বিয়ের বিষয়টি প্রকাশ পেলে কনের পরিবারের লোকজন বিয়ে না দেয়ার শ’র্তে মুচলেকা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বলেন, ওই গ্রামের এক প্রবাসীর কন্যার বিয়ের দিন ধার্য ছিল রবিবার। কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ার বিষয়টি এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে তিনি দুপুরে বিয়ে বাড়িতে হাজির হন। ওই কনের হাতে মেহেদি লাগানো দেখে বিষয়টি নিশ্চিত হই।
তবে পরিবারের লোকজন জানান, ওই কনের দাদার কুলখানি উপলক্ষে খাবার-দাবারের আয়োজন করা হয়েছে। নবম শ্রেণি পড়ুয়া ওই মেয়ে এমনিতেই হাতে মেহেদি দেয়।
এক পর্যায়ে বিয়ের আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়েই কনের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

