করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার নির্দেশ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার নির্দেশ

উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৫৯

করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত থাকার জন্য কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সব কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইউরোপের অনেক দেশেই করোনা আক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে। এ দ্বিতীয় ঢেউ যদি বাংলাদেশে আসে তবে সবচেয়ে বেশি আক্রান্ত হবে কৃষি খাত। এ ক্ষেত্রে আমাদের যে ধরনের পরিস্থিতিই আসুক না কেন তা মোকাবিলা করে কাজ অব্যাহত রাখতে হবে। সেজন্য সেটি বিবেচনায় নিয়ে সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

আব্দুর রাজ্জাক বলেন, মার্চ মাসে দেশে করোনা আক্রমণের শুরুর দিকে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকেরা মাঠে কাজ করেন। ফসলের উৎপাদন ও কর্তন অব্যাহত রাখেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয় ও এর কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে কৃষকের পাশে ছিল। সরকারের যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে করোনা, আম্পান ও দীর্ঘমেয়াদি বন্যা মোকাবিলা করে বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত দেশে খাদ্য নিয়ে কোনো বিপর্যয় হয়নি, কোনো খাদ্য সংকট হয়নি। আশা করি আগামী দিনেও খাদ্যের কোনো সংকট হবে না। তারপরও করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের সব প্রস্তুতি থাকতে হবে যাতে করে আমরা কৃষি উৎপাদনের ধারাকে অব্যাহত রাখতে পারি।’ -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading