রিয়ালের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন জিদান
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:২৬
চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন জিনেদিন জিদান। ঘরের মাঠে টানা দ্বিতীয় হার চিন্তায় ফেলে দিয়েছে ফরাসি এই কোচকে।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার (২১ অক্টোবর) রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে হারে রিয়াল। করোনাভাইরাস ও চোটের কারণে ১০ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো শাখতার প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-০ ব্যবধানে। সুযোগগুলো হাতছাড়া না হলে ইউক্রেনের দলটি স্কোরলাইন সমৃদ্ধ করতে পারত আরও।
দ্বিতীয়ার্ধে লুকা মদ্রিচ ও ভিনিসিউস জুনিয়রের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় জিদানের দল। যোগ করা সময়ে জালে বল পাঠিয়েও অফসাইডের জন্য হার এড়ানো যায়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের জন্য জিদান দায় দিলেন নিজেদের বাজে খেলাকে।
“আজ আমাদের সবকিছুতেই কিছুটা ঘাটতি ছিল। তবে সবচেয়ে বাজে ব্যাপার হলো, আত্মবিশ্বাসের ঘাটতি।”
“প্রথমার্ধে তিন গোল হজমের পর ভাষা খুঁজে পাওয়া মুশকিল। তাদের প্রথম গোলে আমরা একটা ভুল করেছিলাম, এরপর ম্যাচটা খুব কঠিন হয়ে পড়েছিল।” তবে হারের দায় নিজের কাঁধেই নিচ্ছেন দলটির কোচ হিসেবে প্রতিযোগিতায় হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড গড়া বিশ্বকাপজয়ী সাবেক এই ফুটবলার।
“আজ (বুধবার) রাতে যা কিছু হলো তাতে খুব বাজে অনুভুতি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এটা বাজে একটা ম্যাচ ও রাত ছিল; তবে আমি হলাম কোচ এবং আমাকেই এর সমাধানগুলো খুঁজে বের করতে হবে।”
আগের ম্যাচে লা লিগায় ঘরের মাঠে কাদিসের বিপক্ষে হেরেছিল রিয়াল। টানা দ্বিতীয় হারের ক্ষত নিয়েই শনিবার লা লিগা চ্যাম্পিয়নদের খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। কাম্প নউয়ে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন জিদান।
“শনিবার (২৪ অক্টোবর) আমরা সেখানে ঘুরে দাঁড়াবো এবং এজন্য প্রস্তুতি নিতে যাচ্ছি, এই ছাড়া কিছু বলার নেই। আমাদের জন্য আজকের রাতটা নেতিবাচক তবে আমাদের সবকিছুতে পরিবর্তন আনতে হবে।”

