‘নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে’

‘নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৩৫

বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের বিষয়টি আজকের মধ্যে সমাধান করা হবে বলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর; নৌযান মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করেছে, আলোচনা চলমান আছে, আজকের মধ্যে এর সমাধান হবে।’

বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর সচিবালয়স্থ তার অফিস কক্ষে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নৌশ্রমিকদের মূল দাবি খোরাকি ভাতা; অবশ্যই তাদের ন্যায্য দাবি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভাতাটা ন্যায্য। এর আগেও শ্রমিকরা ধর্মঘটে গিয়েছিল। আলোচনা করে সমাধান করেছি। শ্রমিকরা অসহায়। তারা শ্রম দিয়ে উপার্জন করে জীবিকা নির্বাহ করে।’

‘মালিক-শ্রমিকদের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ। মালিক-শ্রমিকদের সাথে সমন্বয় করে এর সমাধান করব,’ বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার সবকিছু সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। এ সরকারের সময়ে অনেক জটিল সমস্যা সমাধান হচ্ছে। সরকারের সে সক্ষমতা আছে। সমন্বয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।’ –ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading