ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ, দাগনভূঞার ওসিকে প্রত্যাহার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৪৭
ফেনীর দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদারকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের আগ্রাবাদের যমুনা ট্রেডিং নামের এক প্রতিষ্ঠানের মালিক সিএন্ডএফ ব্যবসায়ী ও দাগনভূঞা আই কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক রফিফুল ইসলামের পারিবারিক বিষয় নিয়ে তার ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এর জেরে গত ২০ সেপ্টেম্বর দাগনভূঞা থানায় তার ভাই নুরুল আলমের কেয়ারটেকার লাইজু বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় ব্যবসায়ী রফিকুল ইসলাম, তার প্রবাসী ভাই সাবেক সিআইপি নাসির উদ্দিন ও আনোয়ার হোসেনকে আসামি করা হয়।
এ নিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলাম গত ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কাছে দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদারের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি করার লিখিত অভিযোগ করেন।
দাগনভূঞার থানার বাসিন্দা ও চট্টগ্রামের আগ্রাবাদের যমুনা ট্রেডিং প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম বলেন, “ওসি আসলাম সিকদার তার কাছে বিভিন্ন অজুহাতে অর্থ চেয়ে না পেয়ে তাকে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করেছেন।
“এ ব্যাপারে আমি চট্টগ্রাম রেঞ্জের ডিআিইজিসহ পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ করেছি। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওসি আসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমি মনে করছি।”
ফেনীর সোনাগাজী-দাগনভূঁইয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাইকুল আহম্মদ ভূঁইয়া বলেন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন অ্যাডিশনাল আইজির নেতৃত্বে পুলিশের একটি দল ওসি আসলাম উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করেছেন। তদন্তের পরে জানা যাবে অভিযোগ সত্য কি মিথ্যা।

