সিলেটে রায়হানের মৃত্যু ভোতা অস্ত্রে: ময়নাতদন্ত প্রতিবেদন

সিলেটে রায়হানের মৃত্যু ভোতা অস্ত্রে: ময়নাতদন্ত প্রতিবেদন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৩৩

সিলেট পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ রায়হান হত্যার দ্বিতীয় ময়না তদন্তেও প্রথম প্রতিবেদনের সামঞ্জস্য পেয়েছে সিলেট ওসানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১টায় তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কাছে ময়নাতদন্ত রিপোর্ট হস্তান্তর শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ফরেনসিক মেডিকেল বোর্ড প্রধান ডা. শামসুল ইসলাম।

অতিরিক্ত আঘাতের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে এবং ভোতা অস্ত্রের আঘাতেই তার শরীরের জখম হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রথম ময়না তদন্ত রিপোর্টে রায়হান আহমদের শরীরে ১৪টি গুরুতরসহ ১১১টি আঘাতের চিহ্ন পান ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

ওই ময়না তদন্ত রিপোর্টে বলা হয়, রায়হানের দু’টি আঙুলের নখ উপড়ে ফেলা হয়। মৃত্যুর দু্ই থেকে চার ঘণ্টা আগে এসব নির্যাতন চালানো হয়েছিল। এর আগে গত ১৫ অক্টোবর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে ‘নির্যাতন’ করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় মঙ্গলবার পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।

এছাড়া পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার আসামি এসআই আকবর হোসেন ভূইয়াকে পালাতে সহায়তা, আলামত নষ্ট এবং তথ্য গোপনের অভিযোগে বন্দর বাজার ফাঁড়ির এসআই হাসান উদ্দিনকে গতকাল বুধবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে ১২ অক্টোবর এ ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূইয়াসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয়েছে তিন পুলিশ সদস্যকে। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading