পৃথক নির্বাচনী সমাবেশে একে অপরকে কটাক্ষ ট্রাম্প-ওবামার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:১০
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে জমে ওঠা প্রচারণার মধ্যে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে একে অপরের প্রতি তীব্র বাক্যবাণ ছুড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পূর্বসূরী বারাক ওবামা।
পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারণায় নামা ওবামা বুধবার (২২ অক্টোবর) ট্রাম্পকে ‘পাগলা মামা’ আখ্যায়িত করে বলেছেন, রিপাবলিকান এ প্রেসিডেন্ট বর্ণবাদীদের সাফল্য এনে দিয়েছেন।
আর নর্থ ক্যারোলাইনার সমাবেশে ট্রাম্প ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ব্যাপারে পূর্বসূরীর ভুল অনুমান নিয়ে টিটকারি করেছেন বলে জানিয়েছে বিবিসি।
নির্বাচনের মাত্র ১৩ দিন আগে সব জনমত জরিপে ট্রাম্পকে বাইডেনের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে থাকতে দেখা গেছে। তবে ‘সুইং স্টেট’ বা ‘দোদুল্যমান রাজ্যগুলোতে’ দুই প্রার্থীর ব্যবধান খুব সামান্য। এ রাজ্যগুলোর ভোটের ফলের উপরই ৩ নভেম্বরের ভোটে জিতে কে হোয়াইট হাউসের দখল পাবেন তা নির্ভর করবে।
আমেরিকায় এবার রেকর্ড আগাম ভোটও পড়েছে বলে জানিয়েছে বিবিসি। এরই মধ্যে প্রায় ৪ কোটি ২০ লাখ ভোটার ডাকযোগে ও আগাম ভোট কেন্দ্রে গিয়ে তাদের রায় জানিয়ে এসেছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গ্যাস্টোনিয়ার সমাবেশে ট্রাম্পের ছোড়া বেশিরভাগ তীরেরই লক্ষ্য ছিল বাইডেন। ভোটারদেরকে এবার ‘ট্রাম্পের দ্রুত-পুনরুত্থান’ কিংবা ‘বাইডেনের চরম মন্দা’র মধ্যে একটি বেছে নিতে হবে, বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) টেনেসির ন্যাশভিলে হতে যাওয়া শেষ মুখোমুখি বিতর্কের প্রস্তুতি নিতে বাইডেন চলতি সপ্তাহের সব প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন; অন্যদিকে ট্রাম্পকে দেখা যাচ্ছে ‘ব্যাটলগ্রাউন্ড’ খ্যাত রাজ্যগুলোতে ছুটে বেড়াতে।
নর্থ ক্যারোলাইনার সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট তার পূর্বসূরী ওবামাকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। ট্রাম্পের সমাবেশের ঘণ্টাখানেক আগেই ওবামা অগাস্টের ডেমোক্র্যাট কনভেনশনের পর প্রথমবারের মতো বাইডেনের পক্ষে কোনো সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
“কুচুটে হিলারি ক্লিনটনের পক্ষে ওবামার চেয়ে বেশি তো আর কেউ প্রচারণা চালায়নি। তাই না? সেসময় তিনি সব জায়গায় ছিলেন। আমার মনে হয় সে রাতে (নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পর) কুচুটে হিলারির চেয়েও বেশি কষ্ট পেয়েছিলেন বারাক হুসেইন ওবামা,” ট্রাম্পের এই বক্তব্যের সময় তার সমর্থকদের হিলারিকে উদ্দেশ্য করে দুয়ো দিতে দেখা গেছে।
রিপাবলিকান প্রেসিডেন্ট তার বক্তব্যে বাইডেনের মনোনয়ন দৌড়ে নামার শুরুর দিকে ওবামার উচ্ছ্বাসের ঘাটতির প্রসঙ্গ টেনেও টিটকারি দেন। বাইডেন ওবামার আমলে ২০০৯ থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত আমেরিকার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
২০১৬ সালে বাইডেনকে চাপ দিয়ে মনোনয়ন দৌড় থেকে সরিয়ে ওবামাই হিলারিকে সুযোগ করে দিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল। ট্রাম্পকে হারাতে বাইডেনের চেয়ে হিলারির সুযোগ বেশি বলেই সেসময় মনে করেছিলেন তিনি।
গত বছর ওবামা ডেমোক্র্যাট পার্টিতে ‘নতুন রক্ত’ প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন। তার এ মন্তব্যকে বাইডেনের প্রতি অনাস্থা হিসেবেও অনেকে বর্ণনা করেছিলেন।
বুধবার পেনসিলভানিয়ায় সমাবেশে ওবামা আমেরিকার অর্থনীতির বেহাল দশা ও করোনাভাইরাস মোকাবেলায় বর্তমান প্রশাসনের ব্যর্থতার সমালোচনার পাশাপাশি প্রেসিডেন্টের বিভিন্ন টুইট নিয়েও কটাক্ষ করেছেন।
“বাইডেন জিতলে আমাদের এমন প্রেসিডেন্ট থাকবে না যে তাকে সমর্থন না করায় কাউকে অপমান করবে বা জেলে ঢোকানোর হুমকি দেবে। এটা প্রেসিডেন্টের স্বাভাবিক আচরণ হতে পারে না,” বলেন ডেমোক্র্যাট পার্টির মধ্যে এখনও তুমুল জনপ্রিয় সাবেক এ প্রেসিডেন্ট।

