খুলনার মাউশি উপপরিচালকের স্বামী নিজ বাড়িতে খুন

খুলনার মাউশি উপপরিচালকের স্বামী নিজ বাড়িতে খুন

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৩৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রাণী পাঠকের স্বামী বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ রায়কে (৭২) দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে।

নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে হত্যার বিষয়টি জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে একা বসবাস করতেন। তার এক ছেলে প্রকৌশলী এবং এক মেয়ে চিকিৎসক এবং চাকরির সুবাদে স্ত্রী ও ছেলে-মেয়ে জেলার বাইরে অবস্থান করতেন। তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন। শুক্রবার সারাদিন থেকে অরুণ রায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রোজিৎ রায় বাড়িতে এসে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় তার লাশ দেখতে পান।

এলাকাবাসী জানায়, অরুণ রায় সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকান থেকে চা পান করেছেন বলে অনেকেই দেখেছেন।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। মৃতদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading