যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:১৩
যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির দুই পাইলট নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতে বলা হয়েছে, আলাবামার ফোলে আবাসিক এলাকায় দুই আসন বিশিষ্ট টি-৬বি ২ বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমানটি একটি বাড়ি ও বেশ কিছু গাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে। এতে ওই বাড়ি এবং আশেপাশের বেশ কিছু যানবাহনে আগুন ধরে যায়। তবে মার্কিন নৌবাহিনী বলছে, এই দুর্ঘটনায় কোনো বেসামরিকের মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন নৌবাহিনী।

