চট্টগ্রামে বেশি দামে আলু বিক্রির অভিযোগে ১০ আড়ৎকে জরিমানা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:২৩
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অভিযোগে চট্টগ্রামে ১০ আড়ৎদারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরীর রেয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আলুর বাজার স্থিতিশীল রাখতে সরকার পাইকারিতে প্রতিকেজি ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তা অমান্য করে ৪০ থেকে ৪২ টাকা দরে আলু বিক্রি করছে। যার প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর।
অভিযানে ৪০-৪২ টাকা কেজি দরে আলু বিক্রি এবং বিক্রি রশিদ দেখাতে না পারায় রেয়াজউদ্দিন বাজারের কুমিল্লা ট্রেডার্স, কুসুমপুরা বাণিজ্যালয়, রফরফ ট্রেডার্স, জননী ট্রেডার্স, মক্কা বাণিজ্যালয়, আবু তৈয়ব ট্রেডার্স, দাউদকান্দি বাণিজ্যালয়, শাহাবউদ্দিন ট্রেডার্স, আশীষ হাওলাদার ট্রেডার্সকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

