যারা হিসেব পারেন না তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন: বিএসইসি চেয়ারম্যান
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৪৮
‘মিউচুয়াল ফান্ডকে পপুলার করার চেষ্টা করছি। যারা হিসেব পারেন না তাদেরকে বলবো মিউচুয়াল বিনিয়োগ করতে। মিউচুয়াল ফান্ডে ডিসিপ্লিন থাকবে।’ বলেছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক পত্রিকা অর্থসূচকের সহযোগী প্রতিষ্ঠান আমার টাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ‘মিউচ্যুয়াল ফান্ডগুলোর ১০-১৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা আছে’ জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনার দুয়ার খুলেছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
তিনি আরও বলেন, পুঁজিবাজারের যে অপার সম্ভবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার। এ পুঁজিবাজার গঠন করার জন্য যে পদক্ষেপ দেওয়ার দরকার সরকার ও আমাদের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হবে।

