রিফাত হত্যা: ১১ অপ্রাপ্তবয়স্ক আসামির সাজা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৪২
বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে খুনের মামলায় ১১ অপ্রাপ্তবয়স্ক আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায়ে ছয়জনকে ১০ বছর করে, চারজনকে পাঁচ বছর করে এবং একজনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অভিযোগপত্রভুক্ত তিন কিশোর আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বলে জানিয়েছেন এক আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির।
১০ বছর সাজাপ্রাপ্তরা ছয়জন হলেন, অভিযোগপত্রে এক, দুই, তিন, চার, ছয় ও সাত নম্বর আসামি, পাঁচ বছর করে সাজাপ্রাপ্ত চারজন হলেন পাঁচ, আট, নয় ও ১০ নম্বর আসামি এবং ১২ নম্বর আসামিকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে । এছাড়া রায়ে অভিযোগপত্রের ১১, ১৩ ও ১৪ নম্বর আসামি বেকসুর খালাস পেয়েছেন।
এ রায় প্রদান উপলক্ষে মামলা সংশ্লিষ্টরা ছাড়া অন্যদের আদালতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে এর প্রাঙ্গণে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়। রায় ঘোষণার পর আদালত থেকে বাইরে এসে আইনজীবী হুমায়ুন কবির সাংবাদিকদের রায়ের বিষয়টি জানান।
এছাড়া আসামি পক্ষের অপর এক আইনজীবী নারগিস আক্তার সুরমা বলেন, রায়ে বিচারক সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের সময় সাজাপ্রাপ্ত আসামিরা কিশোর থাকলেও রায়ের সময় তাদের বয়স ১৮ বছর পেরিয়ে যাওয়ায় তাদের সংশোধন কেন্দ্রের বদলে কারাগারে পাঠানোর এই আদেশ বিচারক দিয়েছেন বলে জানান তিনি।
সকালে কিশোর সংশোধন কেন্দ্র থেকে ছয়জন আসামিকে আদালতে উপস্থিত করা হয়েছে। এছাড়া জামিনে থাকা আট কিশোরও আদালতে হাজির হন বলে আইনজীবীরা জানান।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর এ হত্যাকাণ্ডে প্রাপ্তবয়স্ক আসামিদের রায়ে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেয় আদালত। এ ফাঁসির রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন মিন্নি।

