কেমব্রিজ অ্যানালিটিকা: যুক্তরাজ্যে মামলার মুখে ফেসবুক

কেমব্রিজ অ্যানালিটিকা: যুক্তরাজ্যে মামলার মুখে ফেসবুক

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৩০

কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনায় গ্রাহকের ব্যক্তিগত ডেটার সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে যুক্তরাজ্যে মামলার মুখে পড়েছে ফেসবুক। ২০১৪ সালে তথ্য কেলেঙ্কারির ওই ঘটনায় আট কোটি ৭০ লাখ ফেসবুক গ্রাহকের ডেটা সংগ্রহ করে ২০১৬’র আমেরিকার নির্বাচনের সময় রাজনৈতিক বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। খবর বিবিসি

তথ্য অপব্যবহারের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে বড় পরিসরে আইনি পদক্ষেপ নিয়েছেন যুক্তরাজ্য এবং ওয়েলসের প্রায় ১০ লাখ গ্রাহকের একটি দল।

এদিকে ফেসবুকের ভাষ্য, এমন দাবির প্রেক্ষিতে তাদের কাছে কোনো নথি আসেনি। সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ‘ফেসবুক ইউ ওউ আস’ নামের একটি গ্রুপ। গুগলের বিরুদ্ধেও এমন একটি মামলা করেছে গ্রুপটি।

দু’টি মামলারই প্রতিনিধিত্ব করছে আইনি প্রতিষ্ঠান মিলবার্গ লন্ডন। গত বছর এপ্রিলে সুপ্রিম কোর্টে গুগলের মামলাটির শুনানি হয়েছে। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ হলো, সম্মতি ছাড়া গ্রাহকের ডেটা নিয়ে ‘ডেটা প্রোটেকশন অ্যাক্ট ১৯৯৮’-এর আওতায় আইন ভেঙ্গেছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, “এই দাবির বিষয়ে আমরা কোনো নথি পাইনি। ‘ইনফরমেশন কমিশনার’স অফিস’ বিষয়টি তদন্ত করছে।”

“কেমব্রিজ অ্যানালিটিকার সার্ভার জব্দ এবং প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোনো প্রমাণ পাওয়া যায়নি যে যুক্তরাজ্য বা ইউরোপের কোনো গ্রাহকের ডেটা ড. কোগানের মাধ্যমে কেমব্রিজ অ্যানালিটিকার কাছে হস্তান্তর হয়েছে,” যোগ করেন ওই মুখপাত্র।

কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ওই ঘটনায় ২০১৮ সালের অক্টোবরে ফেবুককে পাঁচ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের নীতিনির্ধারক সংস্থা।

ইনফরমেশন কমিশনার’স অফিস বলছে, গুরুতরভাবে আইন ভাঙ্গার অনুমোদন দিয়েছে ফেসবুক। যুক্তরাজ্যে এর আগে এমন বড় আইনি পদক্ষেপের নজির না থাকলেও যুক্তরাষ্ট্রে রয়েছে। ২০১২ সালে একই ধরনের ঘটনায় মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের মামলায় সোয়া দুই কোটি মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে গুগল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading