পার্থ গোপালের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

পার্থ গোপালের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৫৫

ঘুষ গ্রহণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনের মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তার আইনজীবীর সময়ের আবেদন করায় আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার চার নম্বর বিশেষ জজ নজরুল ইসলাম।

এদিন পার্থ গোপালকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী এহসানুল হক সমাজী সময় আবেদেনে বলেন, তিনি আজই এ মামলা গ্রহণ করে ওকালতনামা জমা দিয়েছেন। সে কারণে শুনানির প্রস্তুতির জন্য সময় প্রয়োজন।

এ মামলায় নিয়োজিত দুদকের মূল আইনজীবী মোশাররফ হোসেন কাজল অসুস্থ থাকায় তার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এর আগে গত ৩১ অগাস্ট ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে স্থানান্তর করেন।

২৪ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দিন এ মামলায় অভিযোগপত্র দেন। ২০১৯ সালের ২৯ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল।

অভিযোগপত্রে বলা হয়, পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন। এসব টাকা গোপন করে তার নামীয় কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের জন্য নিজ বাসস্থানে লুকিয়ে রেখে দণ্ডবিধির ১৬১ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading