শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২০
উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৩৬
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের দক্ষিণবড়চর এলাকায় হবিগঞ্জগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি তফিকুল ইসলাম তৌফিক।

