কবি ও সাংবাদিক আবুল হাসনাত আর নেই
উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:২৯
না ফেরার দেশে চলে গেলেন কবি ও সাংবাদিক আবুল হাসনাত। রবিবার (০১ নভেম্বর) সকাল ৮টায় ফুসফুসের ইনফেকশনজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তবে করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানা গেছে।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান।
আবুল হাসনাত ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্ম নেন। তিনি কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে পদচ্ছাপ রেখেছেন। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে। তিনি মাহমুদ আল জামান নামেও লেখালেখি করতেন
তিনি দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী দীর্ঘ ২৪ বছর ধরে সুনামের সঙ্গে সম্পাদনা করেন। আমৃত্যু তিনি সাহিত্যপত্রিকা কালি ও কলমের সম্পাদকের দায়িত্ব পালন করেন। একইসঙ্গে চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক ‘শিল্প ও শিল্পী’রও সম্পাদক ছিলেন তিনি।

